Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে ফুটবল টুর্নামেন্টের একটি খেলাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কদুপুর গ্রামের অন্তত তিনজন আহত হন।

আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত রাকিব মিয়া কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.