Sylhet Today 24 PRINT

রনজিত সরকারের ‘সমাবেশ’: ভিডিওতে দেখা যাওয়া তারা মিয়া আটক

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাতটার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের একটি সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে তারা মিয়াকে দেখা যাওয়ার পর তাঁকে আটক করা হলো।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ এবং মুঠোফোনের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মিয়া রনজিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতা-কর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।

রনজিত সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টা পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.