Sylhet Today 24 PRINT

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা বিষয়ক আঞ্চলিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২৬

খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে সিলেটে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট নগরীর ধোপাদিঘির পাড়স্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হলরুমে ই সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনিয়াস নলেজ (বারসিক) ও পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এই সংলাপে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কৃষক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বারসিকের জেন্ডার এডভাইজার খুদেজা সুলতানা।

বারসিকের এসোসিয়েট কোঅর্ডিনেটর শাহেদা আজবেলা পূর্ণা এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, আশার আলো ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজ আলম প্রমুখ।

এসময় বাংলাদেশ খাদ্য উৎপাদন ও খাদ্য ব্যবস্থার সফলতা ও সংকট সমূহ তুলে ধরা হয়। সাফল্যের পাশাপাশি সংকটসমূহের মধ্যে ছিল কৃষকের ঋণ ও পরিবেশ ঝুঁকি, নারী কৃষকের স্বীকৃতিহীনতা, রাসায়নিক দূষণ, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি, জীববৈচিত্র্য হ্রাস ও বাজার ব্যবস্থার বৈষম্য।

সংলাপে বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক জলবায়ুবান্ধব সার্বভৌম খাদ্য ব্যবস্থা করতে কৃষকের নিয়ন্ত্রণ, নারীর শ্রম স্বীকৃতি, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা স্থানীয় নেতৃত্বে গড়ে তুলতে হবে। এবং জলবায়ুসহনশীল খাদ্য ব্যবস্থা গড়ার লক্ষ্যে গ্রিন কোয়ালিশন ও নাগরিক সমাজের ভূমিকা রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.