নিজস্ব প্রতিবেদক | ১০ নভেম্বর, ২০২৬
সিলেটের রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টের এই মাঠেই সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত সরকার। ছবি সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের সভার একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। পালিয়ে দেশের বাইরে থাকা রনজিত এই সভাটি কোথায় করেছেন এ নিয়ে চলছে নানা আলোচনা।
কেউ কেউ দাবি করছেন সভাটি হয়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকায় আবার কারো দাবি, সিলেট সীমান্তে এই সভা হয়। অন্যদিকে, ভারতের ভেতরে রনজিত এই সভাটি করেন বলেও দাবি করছেন কেউ কেউ।
তবে সুনামগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, আলোচিত এই সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে।
রনজিতের ফেসবুক পেজের আপ করা এই সভার ভিডিও দেখে তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই সভার স্থান সিলেটের রাতারগুল বলে জানতে পারে পুলিশ।
তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ওই সভাটি হয় সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে ‘সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট, রাতারগুল’-এ।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে আটক করে সুনামগঞ্জ সদও থানা পুলিশ। সকাল সাতটায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা তাকে আটক করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা মিয়া প্রাথমিকভাবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার এই সভা করেছেন বলে তথ্য দেয়। তারা মিয়ার কথা অনুযায়ী সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে যায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে কল দিলেও তিনি কল ধরেননি। তবে সোমবার তিনি বলেছিলেন, সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোন স্পটে হয়েছে। উপস্থিত লোকজনও সুনামগঞ্জের ছিল।
এ ব্যাপারে সোহেল স্কয়ার, ইকো রিসোর্ট’র ফেসবুক পেজে দেওয়া নাম্বারে মঙ্গলবার রাতে কল দিলে মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে রনজিত বর্তমান সরকারের সমালোচনা করেন। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিতের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।
প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ধরে রেখেছিলেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজনে উল্লেখ ছিল ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।’