Sylhet Today 24 PRINT

সংসদে সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর দাবি এমপি এমরানের

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার সংসদের অধিবেশনে সিলেট জেলা বিএনপির এই সাধারণ সম্পাদক বলেন, মহাসড়কের নির্মাণকাজের কারণে ঢাকা থেকে সিলেটে আসতে কিংবা সিলেট থেকে ঢাকায় যেতে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে। এতে সিলেট বিভাগের লাখো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

সংসদে ৭১ বিধিতে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, স্বাভাবিক সময়ে ঢাকা-সিলেট মহাসড়ক পাড়ি দিতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগলেও বর্তমানে সময় লাগছে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। ছয় লেনের মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ চলায় বিভিন্ন স্থানে ডাইভারশন, খোঁড়াখুঁড়ি, যানজট ও ধুলাবালির সৃষ্টি হয়েছে।

এমরান আহমদ চৌধুরী বলেন, এই দুর্ভোগের শিকার হচ্ছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের লাখো যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ী। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী মুমূর্ষু রোগীরা পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।

তিনি আরও বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। প্রতিদিন অনেক প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু মহাসড়কের যানজটে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে অনেকে নির্ধারিত ফ্লাইট মিস করছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন ও চা শিল্পের পরিবহন ব্যবস্থাও।

এই সংসদ সদস্য বলেন, সড়কপথে যাতায়াত অনিশ্চিত হয়ে পড়ায় রেলপথে যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু বিদ্যমান আন্তঃনগর ট্রেনের সংখ্যা যাত্রীচাপের তুলনায় অপ্রতুল। ফলে টিকিট সংকটের পাশাপাশি ট্রেনের ভেতরে অতিরিক্ত যাত্রী ওঠায় করিডোরেও ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে হচ্ছে অনেককে।

তিনি জানান, বিশেষ ট্রেন চালুর দাবি শুধু তাঁর একার নয়; সিলেট বিভাগের ১৯ জন সংসদ সদস্যের পাশাপাশি এই অঞ্চলের মানুষেরও দাবি এটি। মহাসড়কের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ কমাতে অবিলম্বে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.