Sylhet Today 24 PRINT

রনজিত সরকারের সভায় অংশ নেন ১৭৫ জন, রিসোর্ট ভাড়া দেওয়া হয় ৫২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক |  ১০ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের একটি সভা নিয়ে দেশজুড়েই চলছে তোলপাড়। ভারতে পলাতক থাকা এই নেতা কীভাবে দেশে ঢুকে সমাবেশ করলেন এই নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রোববার (৮ নভেম্বর) এই সভাটি করেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।

মঙ্গলবার জানা গেছে, আলোচিত এই সভাটি হয়েছে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে। সভায় আওয়ামী লীগের ১৭৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ।

ওই রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, গত বুধবার রুকন নামে এক আইনজীবীনহ দুজন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলেন এবং জায়গাটি ঘুরে দেখেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের দলের জন্য মোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল।

পারভেজ মোশারফ বলেন, শিক্ষা সফরে আসা দলটি দুপুর বা বিকেল তিনটার দিকে রিসোর্টে প্রবেশ করে। এরপর সামনের লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল টাঙানো ও মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সব কার্যক্রম শেষে রাত আটটা, সাড়ে আটটা বা নয়টার দিকে তারা রিসোর্ট ছেড়ে চলে যান।

তবে রনজিত সরকার কখন রিসোর্টে এসেছিলেন, তা তারা জানেন না বলে জানিয়েছেন রিসোর্টের কর্মচারীরা। তারা রনজিত সরকারকে চিনতেন না বলেও দাবি করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে রনজিত সরকারের সভায় উপস্থিত থাকতে দেখা গেছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতারগুলের ওই রিসোর্টে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরের কথা বলে গত ৮ নভেম্বরের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন একজন আইনজীবী। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে একটি ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি চলে যান।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা যাওয়ার পর মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে সভার স্থান ও আয়োজন সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রাথমিকভাবে জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার সভা করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে রাতারগুলে যায়।

এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক মণ্ডল বলেন, সাবেক সংসদ সদস্যের সভা করার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

গত সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রচার করেন রনজিত সরকার। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।

শেখ হাসিনা আনবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান সামনে রেখে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে এ সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন বলে জানা গেছে। সভার ব্যানারে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের নির্বাচনী এলাকার চার উপজেলার নাম উল্লেখ ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রনজিত সরকার, যিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।

এর আগে সিলেটে এ ধরনের কোনো সভা হয়নি বলে জানিয়েছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

এদিকে রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সভা শেষে আবার ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। একটি সূত্রের দাবি, বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.