Sylhet Today 24 PRINT

হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হামলায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশকে আলটিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় আধা ঘণ্টার এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধারা অংশ নেন। এ সময় হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এর আগে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে।

এদিকে হামলাকারীর পরিচয় জানা গেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এরই মধ্যে হামলার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তার ওপর চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং কোপ দেন। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড় দেন হাসিব।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। তিনি বলেন, ‘হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। হামলার ঘটনাটি ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে।’

প্রীতম দাশ আরও বলেন, ‘পর্যটননগরী শ্রীমঙ্গলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’

তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিতে তারা শ্রীমঙ্গল থানায় এসেছেন। হাসিব আল ইসলাম কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.