Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত ।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ।

মামলার অন্য আসামিরা হলেন হেলাল উদ্দিন (৫২), আল মারজান (২৩), ফাহিম আহমদ (২০), রফিকুল ইসলাম (৬২), মামুন (২৬), শাহজাহান (৪৫), বিল্লাল, অলি উল্লাহ (৫১), সোহেল আহমদ (৪৪), আনোয়ার হোসেন (৩৮), মতিউর রহমান (৪২), জহির উদ্দিন (৪২), তাজুল ইসলাম (৪০), ইয়াহিয়া মাহমুদ (৩৫), আল আমিন (৩৫), খালিক মহালদার (৪৪), মামুনুর রশীদ (৩৫), আমির মিয়া (৪৫), রইছ (৪৫), কালাম (৪০), গিয়াস উদ্দিন (৩৫), আলিম উদ্দিন (৩৫), ওয়ারিছ আলী (৩৫), জমির উদ্দিন (৪০), জিয়াউর রহমান (৪৫), ক্বারী মিয়া (৪৮), জালাল (৫০), বাবুল শিকদার (৪০), শামীম (৪০), তরিক উল্লাহ, মুমিম (৩৪), আবুল (৪৩), নাজিম (৩৯), জাহাঙ্গীর (২০), শাকিল (২৫), জুবের (৩৮), শরীফ (২৪) ও নজরুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোং-এর সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক। এ ছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ তাঁকে গাড়িতে করে থানায় নিয়ে যাচ্ছিল। পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এরপর একদল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

একই দিন গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাঁদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির কোনো সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.