নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৬
সিলেট নগরীতে অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। কোথাও নির্ধারিত সেটব্যাক রাখা হচ্ছে না, আবার কোথাও সাইট ইঞ্জিনিয়ার ছাড়াই ঠিকাদারের মাধ্যমে চলছে বহুতল ভবনের নির্মাণকাজ। এমনকি ভবনমালিকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর চুক্তি না থাকার বিষয়টিও নজরে এসেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)।
এ অবস্থায় নির্মাণাধীন ভবনগুলোতে তদারকি বাড়িয়েছে সংস্থাটি। গত এক মাস ধরে প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকায় ভবন পরিদর্শন করছেন কর্মকর্তারা। নকশার ব্যত্যয় রোধে আপাতত ভবনমালিক ও সংশ্লিষ্টদের সচেতন করা হলেও প্রয়োজনে আইন প্রয়োগের কথা জানিয়েছেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি।
বুধবার (১১ নভেম্বর) নগরীর কয়েকটি নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে এই কার্যক্রম চালানো হচ্ছে।
পরিদর্শনে দেখা গেছে, অনেক ক্ষেত্রে ভবনমালিকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর কোনো চুক্তি নেই। আবার কোথাও সাইট ইঞ্জিনিয়ার ছাড়াই ঠিকাদার নির্মাণকাজ পরিচালনা করছেন। এতে অনুমোদিত নকশা অনুসরণে ব্যত্যয় ঘটছে।
কয়েস লোদি বলেন, একটি ভবনের নির্মাণকাজ তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশলীর। নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করে তিনিই কমপ্লিশন সার্টিফিকেট দেবেন। এর ভিত্তিতে সিউক থেকে দেওয়া হবে অকুপেন্সি সার্টিফিকেট। কিন্তু অনেক ভবনমালিক এ প্রক্রিয়া সম্পর্কে জানেন না। তাই নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত আইন ও বিধিবিধান মেনে চলা এবং প্রয়োজনীয় সনদ নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেটে অনেকে বিদেশে অবস্থান করে বাড়ি নির্মাণ করেন। এ সময় সাইট ইঞ্জিনিয়ার কিংবা আত্মীয়স্বজনের ওপর পুরো দায়িত্ব দিয়ে রাখেন। ফলে নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না, নির্ধারিত সেটব্যাক মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে ভবনমালিকদের নিজেদেরও সচেতন থাকতে হবে।
সিউক চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে যেসব ভবন পরিদর্শন করা হচ্ছে, সেগুলোর অনেকগুলোর অনুমোদন আগেই দিয়েছে সিটি করপোরেশন। কোনোটি এক-দুই বছর আগে অনুমোদন নিয়ে এখন নির্মাণকাজ শুরু করেছে। অন্যদিকে নতুন করে যেসব ভবনের নকশা অনুমোদন দেওয়া হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে শুরু থেকেই আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা হচ্ছে।
নগরীতে ভবন নির্মাণে আইনের ব্যত্যয় যাতে বড় আকার ধারণ না করে, সে জন্যই এই তদারকি কার্যক্রম চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সচেতনতা তৈরির পরও কেউ বিধিবিধান না মানলে প্রযোজ্য ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।