নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৬
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত সরতারের সমাবেশের ঘটনায় রাতারগুলেল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’-এর দুই রিসোর্ট কর্মীসহ ৪জনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি জানিয়ে ওসি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে রাতারগুলের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ তালা দিয়েছে পুলিশ। এই রিসোর্টেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের আলোচিত সভাটি হয় বলে জানা গেছে।
ওসি জানান, বুধবার ভোর রাত ৩টার দিকে গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করা হয়েছে। সেখানে তালা দিয়েছে পুলিশ। দুই রিসোর্ট কর্মীসহ ৪জনকে আটকও করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিক প্রকাশ করেন নি ওমর ফারুক।
এ ঘটনায়পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গত ৮ নভেম্বর রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও লাগানো হয়। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকার। তিনি সেখানে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
গত রোববার সন্ধ্যায় শিক্ষা সফরের কথা বলে বিখ্যাত রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নিয়ে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রিসোর্টের মালিক সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
অন্যদিকে, রনজিতের সভায় থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে তারা মিয়া নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা নিয়ে প্রথমে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের ভেতরে সভাটি হয়েছে বলে দাবি করলেও তদন্তে নেমে জট খুলে পুলিশ। ভিডিও দেখে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা মিয়া স্বীকার করেন যে, সভাটি সিলেট নগরীর প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ অনুষ্ঠিত হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে সরাসরি রাতারগুলের ওই রিসোর্টে যায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকালে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহেল স্কয়ার ইকো রিসোর্টে উপস্থিত হন। রোকন মিয়া নামের একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলেই রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। ওই রোকন মিয়ার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে।
ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রথমে ‘শিক্ষা সফর’-এর ব্যানার টানিয়ে সভা শুরু করা হয়। সেখানে যথারীতি খেলাধুলা হয়। পুরস্কার বিতরণ করা হয়। রাত ৯টার দিকে আকস্মিক সাবেক এমপি রনজিত সরকার সেখানে উপস্থিত হন এবং ২ মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। সেখানে রনজিত সরকার প্রায় ৫ মিনিট বক্তব্য দিয়ে ফের গাড়িযোগে চলে যান।
ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়।
গত সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার নিজস্ব ফেসবুক আইডিতে এই সভার ভিডিও আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতেই সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
এদিকে, ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সোহেল আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ। সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার পর থেকে সোহেল স্কয়ার রিসোর্টের নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে রয়েছেন।