নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৬
একসময় পূর্বাঞ্চল রেলওয়ের রাজস্ব আয়ে শীর্ষস্থানীয় স্টেশন ছিল সুনামগঞ্জের ছাতকবাজার। সেই স্টেশনে ছয় বছর ধরে থেমে আছে ট্রেন। বন্ধ হয়ে আছে সিলেট-ছাতক রেলপথ।
৩৪ কিলোমিটারের এই রেলপথ পুনর্বাসনে ২৪১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ এগিয়েছে মাত্র ২৩ শতাংশ। অথচ প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হতে বাকি চার মাস। নতুন রেললাইন স্থাপনসহ গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত রেলপথ চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও ব্যবসায়ীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট-ছাতকবাজার সেকশন পুনর্বাসনে মোট ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন ১৮৪ কোটি ৮৩ লাখ ১৬ হাজার টাকা এবং সরকারের অর্থায়ন ৫৬ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা।
সরেজমিনে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ, হাসনাবাদ, কালারুকা, মাধবপুর, ছৈলা-আফজলাবাদ, সৎপুর এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী এলাকায় দেখা গেছে, সংস্কারকাজ চলছে ধীরগতিতে। কোথাও মাটি ভরাট করা হচ্ছে, কোথাও সরিয়ে রাখা হয়েছে পুরোনো রেললাইন ও স্লিপার। ছাতক থেকে খাজাঞ্চী পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার পুরোনো রেললাইন অপসারণ করা হলেও নতুন রেললাইন বসানোর কাজ এখনো পুরোপুরি শুরু হয়নি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় রেলপথের বিভিন্ন অংশে গজিয়েছে ঝোপঝাড়, কোথাও তৈরি হয়েছে টিলা। দেখে বোঝার উপায় নেই, একসময় এ পথে নিয়মিত ট্রেন চলত।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চে করোনা মহামারির কারণে সিলেট-ছাতক রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালের ভয়াবহ বন্যায় রেলপথের বাঁধ, স্লিপার, রেললাইন, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে সিলেটের সঙ্গে ছাতকের সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ৩৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসনে ২০২৩ সালের ১ এপ্রিল প্রকল্প শুরু হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেডের গাফিলতি ও নানা জটিলতায় দীর্ঘদিন কাজ শুরু করা যায়নি। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের পর ২০২৫ সালের ২ জানুয়ারি প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ওই বছরের ৩ ফেব্রুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। এরপর ফেব্রুয়ারিতে শুরু হয় সংস্কারকাজ। চুক্তি অনুযায়ী চলতি বছরের ২৩ আগস্ট কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত রেলপথ পুনর্বাসন, মাটি ভরাট, কালভার্ট ও সেতু মেরামত, নতুন স্লিপার স্থাপন, রেললাইন বসানো এবং তিনটি স্টেশন পুনর্বাসনের কাজ রয়েছে। ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে রেলপথের বাঁধ উঁচু করা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ইতিমধ্যে প্রায় ৩৪ কিলোমিটার পুরোনো রেললাইন অপসারণ করা হয়েছে। প্রকল্পের আওতাধীন ৯৬টি পাইলিং পয়েন্টের মধ্যে ৮৫টির কাজ শেষ হয়েছে। তবে নতুন রেললাইন স্থাপনসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ এখনো বাকি। চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি মাত্র ২৩ শতাংশ বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।
কাজের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রকল্প এলাকায় দায়িত্ব পালন করা ব্যক্তিরাও। ছাতক রেলওয়ে স্টেশন ভবন নির্মাণের সুপারভাইজার সুলতান আহমদ এবং খাজাঞ্চী রেলওয়ে স্টেশন ভবন নির্মাণের সুপারভাইজার মো. মারুফের ধারণা, কাজ শেষ হতে অন্তত দেড় বছর সময় লাগবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়েছে। বাধ্য হয়ে তাঁদের অতিরিক্ত খরচে সড়কপথে যাতায়াত করতে হচ্ছে। একই সঙ্গে ছাতকের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পণ্য পরিবহনে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।
স্থানীয় সুজন তালুকদার বলেন, ‘অনেক বছর পর রেলপথের সংস্কারকাজ শুরু হয়েছে। কিন্তু কাজের গতি দেখে হতাশ হতে হচ্ছে। দ্রুত কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু করা দরকার। দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেলপথ বন্ধ থাকায় এখন সড়কপথে পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে সময় ও পরিবহন ব্যয় দুটোই বাড়ছে। বিশেষ করে ছাতকের চুন, চুনাপাথর, পাথর, সিমেন্ট ও কৃষিপণ্য পরিবহনে রেলপথটি পুনরায় চালু হলে বড় ধরনের সুবিধা পাওয়া যাবে।
১৯৫৪ সালে শিল্পাঞ্চল ছাতকের সঙ্গে সিলেটের যোগাযোগ ও পণ্য পরিবহনের সুবিধার্থে সিলেট-ছাতক রেললাইন স্থাপন করা হয়। ১৯৬৪ সালে পাথর পরিবহনের জন্য ভোলাগঞ্জ থেকে ছাতক স্টেশন পর্যন্ত ১৯ কিলোমিটার রেলওয়ে রোপওয়ে স্থাপন করা হয়েছিল। একসময় রেলপথ ও রোপওয়ে ছাতকের শিল্পাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে দুটিই কার্যত অকেজো।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নূরুল ইসলাম বলেন, সিলেট-ছাতক রেললাইন চালু হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
সিলেট-ছাতক রেললাইন সংস্কার প্রকল্পের পরামর্শক প্রকৌশলী মো. আনহার মাহমুদ বলেন, প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, বৃষ্টি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমস্যার কারণে কাজে বিলম্ব হচ্ছে।