Sylhet Today 24 PRINT

মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)।

নিহতদের মধ্যে মো. জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.