উত্তম কাব্য, নেপালের পোখারা থেকে | ১২ নভেম্বর, ২০২৬
কাজের সূত্রে নেপালে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই ভালোবাসার সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে। জনপ্রিয় নেপালি ইউটিউবার লক্ষ্মী শ্রেষ্ঠার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিলেটের যুবক ধ্রুব দাস।
গত ৬ নভেম্বর নেপালের পর্যটননগরী পোখারায় নেপালি ঐতিহ্য ও সংস্কৃতি অনুসরণ করে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবদম্পতিকে বরণ করে নিতে শুক্রবার (১৩ নভেম্বর) সিলেটে আয়োজন করা হয়েছে বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠানের। এতে নেপালের পোখারা থেকে লক্ষ্মী শ্রেষ্ঠার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনও যোগ দেবেন।
জানা যায়, কাজের সূত্রে ২০২৪ সালে নেপালে যান সিলেটের ধ্রুব দাস। সেখানে পরিচয় হয় জনপ্রিয় নেপালি ইউটিউবার লক্ষ্মী শ্রেষ্ঠার সঙ্গে। প্রথম পরিচয় থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের মধ্য দিয়ে একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতি ও সহযোগিতায় তাঁদের ভালোবাসার সম্পর্ক পরিণয়ে রূপ পায়।
বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে গত ২ নভেম্বর ধ্রুব দাস তাঁর পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ নিয়ে সিলেট থেকে ঢাকায় যান। পরে ঢাকা হয়ে নেপালের কাঠমান্ডু পৌঁছান তাঁরা। সেখান থেকে নেপালের বিখ্যাত পর্যটননগরী পোখারায় যান। সেখানে ধ্রুবর পরিবার ও লক্ষ্মী শ্রেষ্ঠার পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুরু হয় বিয়ের আয়োজন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, গত ৪ নভেম্বর নেপালি ঐতিহ্য অনুসারে অনুষ্ঠিত হয় বর্ণিল মেহেদি সন্ধ্যা। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আনন্দমুখর। এরপর গত ৬ নভেম্বর পোখারা শহরের ঐতিহ্যবাহী দরবার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয় ধ্রুব দাস ও লক্ষ্মী শ্রেষ্ঠার বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
বিয়ের প্রকাশিত ছবিতে বর-কনেকে দেখা গেছে নেপালের ঐতিহ্যবাহী বিয়ের সাজে। কনে লক্ষ্মী শ্রেষ্ঠার পরনে ছিল জমকালো লাল শাড়ি ও নেপালী ঐতিহ্যবাহী অলংকার থিলুরি। অন্যদিকে বর ধ্রুব দাস সেজেছিলেন সাদা ও লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে, মাথায় ছিল নেপালি ঐতিহ্যবাহী ডাকা টুপি। দুজনের গলায় ফুলের মালা তাঁদের সাজে যোগ করে ভিন্নমাত্রা। পুরো আয়োজনেই ফুটে ওঠে নেপালের ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য।
নিজেদের পরিচয় ও ভালোবাসার সম্পর্ক নিয়ে ধ্রুব দাস সিলেটটুডেকে বলেন, ২০২৪ সালে কাজের সূত্রে নেপালে গিয়ে লক্ষ্মীর সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ভালোবাসা। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গভীর হয়েছে। দুই পরিবারের সম্মতি ও সহযোগিতায় বিয়ের মাধ্যমে আমরা নতুন জীবনে পা রেখেছি। নেপালে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আয়োজন ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এবার নিজের শহর সিলেটে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারছি, যা আমার কাছে অত্যন্ত বিশেষ।
লক্ষ্মী শ্রেষ্ঠা সিলেটটুডেকে বলেন, ধ্রুবর সঙ্গে পরিচয়ের পর থেকে আমাদের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসা ও বিশ্বাসের জায়গায় পৌঁছেছে। ভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ হলেও আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া সবসময় ছিল। দুই পরিবারের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। নেপালে বিয়ের আয়োজন যেমন আনন্দের ছিল, তেমনি সিলেটে নতুন পরিবারের সদস্যদের সঙ্গে এই আনন্দ উদ্যাপনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সিলেটে বৌভাত শুক্রবার
নেপালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এবার সিলেটে নবদম্পতিকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সিলেটের একটি ঐতিহ্যবাহী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁদের বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ দিতে নেপালের পোখারা শহর থেকে লক্ষ্মী শ্রেষ্ঠার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বাংলাদেশের সিলেটে আসবেন। তাঁদের মধ্যে লক্ষ্মীর ছোট বোন রাসু শ্রেষ্ঠাও পোখারা থেকে সিলেটে আসছেন।
রাসু নেপালের পোখারা থেকে সিলেটটুডেকে জানান, বোনের বিয়ের পর সিলেটে আয়োজিত বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে তাঁর এই আগমন দুই পরিবারের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। একটি ভিন্ন শহরে আমার বোনকে বিয়ে দিলেও আমি জানি সে সুখী হবে। সিলেটের মানুষ খুবই ভালো ও অতিথি পরায়ণ।
নেপাল থেকে আসা অতিথি এবং সিলেটের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি দুই পরিবারের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন স্বজনরা।
ধ্রুব দাসের বড় বোন ঝুমা দাস চৌধুরী পোখারা থেকে জানান, ভাইয়ের জীবনের এমন আনন্দঘন মুহূর্তের অংশ হতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। দুই পরিবারের আন্তরিকতা ও সহযোগিতায় নেপালে সুন্দরভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। লক্ষ্মীকে পরিবারের নতুন সদস্য হিসেবে পেয়ে তাঁরা আনন্দিত। সিলেটে বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবারের আত্মীয়স্বজনের মধ্যে আরও ঘনিষ্ঠতা তৈরি হবে বলে তিনি আশাবাদী।
বিয়েতে উপস্থিত ধ্রুবর বড় ভাই বিশ্বজিৎ দাস বলেন, দুই দেশের ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে ভালোবাসার এমন বন্ধন সত্যিই আনন্দের। নেপালে গিয়ে দুই পরিবারের আন্তরিকতা ও আতিথেয়তা তাঁদের মুগ্ধ করেছে। বিয়ের প্রতিটি আয়োজন ছিল স্মরণীয়। এবার সিলেটে বৌভাত অনুষ্ঠানে নেপালের আত্মীয়স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
বিয়েতে যাওয়া মোহাম্মদ শাফি জানান, বন্ধুর জীবনের এমন বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি আনন্দিত। নেপালে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। দুই দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত এই বিয়ে তাঁদের বন্ধুমহলেও আনন্দের উপলক্ষ তৈরি করেছে।
দুই দেশের দুই নাগরিকের পরিচয় থেকে শুরু হওয়া ভালোবাসার এই পরিণয় এখন দুই পরিবারের আত্মীয়তা ও বন্ধনের নতুন অধ্যায়। নেপালের পোখারা থেকে সিলেট—দুই শহরকে ভালোবাসার বন্ধনে যুক্ত করা ধ্রুব দাস ও লক্ষ্মী শ্রেষ্ঠার নতুন জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা তাঁদের পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।