Sylhet Today 24 PRINT

বড়লেখায় রাতে গ্রেপ্তার, দিনে জামিন পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

মৌলভীবাজার প্রতিনিধি  |  ১৩ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত ।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর পুলিশের হাতে গ্রেপ্তারের পরদিনই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান বলে তাঁর আইনজীবী সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সুন্দর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বড়লেখা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের ১৫ আগস্ট দায়ের করা ওই মামলার নম্বর ১১৮/২০২৪। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালে দায়ের করা পৃথক একটি রাজনৈতিক মামলাতেও (মামলা নম্বর ২৪/২০২৬) এজাহারভুক্ত আসামি ছিলেন রফিকুল ইসলাম সুন্দর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তিনি জামিন লাভ করেন।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তাকে বড়লেখা আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, রফিকুল ইসলাম সুন্দর বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.