Sylhet Today 24 PRINT

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০২৬

সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৮ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১১ মাস। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আরেক শিশুর বয়স ৪ মাস ১৭ দিন। তার বাড়ি সিলেট সদর এলাকায়।

এছাড়াও হবিগঞ্জে মারা যাওয়া শিশুর বয়স ৯ মাস। তার বাড়ি জেলার সদর উপজেলায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, সুনামগঞ্জে ৪৫২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৮। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৩৯ এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.