সিলেটটুডে ডেস্ক | ১৩ নভেম্বর, ২০২৬
সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালটির উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়মিত এ সেবা চালুর ফলে সিলেট অঞ্চলের হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, চিকিৎসা খাতের জন্য এটি অত্যন্ত গর্বের ও মাইলফলক একটি দিন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিতভাবে বাইপাস সার্জারি চালু হওয়া হৃদরোগীদের সেবার মান আরও বৃদ্ধি করবে।
তিনি বলেন, বর্তমান সময়ে হৃদরোগ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। সেবাটি নিয়মিত শুরু হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির অবসান হলো। এর ফলে রোগীরা সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পাবেন এবং অর্থ ও সময় বাঁচবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জামিল আহমদ চৌধুরী। জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ মতিন। তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকার কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. ফারুক আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. খালেদ মহসিন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ।
অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, চিকিৎসক ও কর্মীদের পরিশ্রমে বাইপাস সার্জারির সংখ্যা সফলভাবে ২৮৭টি ছাড়িয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইন কার্ডিওলজি ডা. কৌশিক মজুমদার ও সিনিয়র কনসালটেন্ট ইন কার্ডিয়াক সার্জারি ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী।