জৈন্তাপুর প্রতিনিধি | ১৩ নভেম্বর, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও মূল আসামি ও হাতকড়া উদ্ধার করা সম্ভব হয়নি।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিপুর সংলগ্ন করিচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও একাধিক মামলার আসামি, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ম অনুযায়ী তার হাতে হাতকড়াও পরানো হয়। তবে পূর্বপরিকল্পিতভাবে হরিপুর করিচর ব্রিজ এলাকায় আসামির সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয় এবং বলপ্রয়োগ করে হাতকড়াসহ তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই পুলিশ পলাতক আসামি ও হাতকড়া উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন জানান, এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত জাকারিয়া মাহমুদ এবং ঘটনার প্রধান আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইতিমধ্যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় একাদিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় নাম আসা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদ্দাম হোসেনের কোনো ধরনের দায় নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ নভেম্বর জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বিষয় কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডসহ কোনো অপরাধের সাথে জড়িত হলে এর দায় দল কোনোভাবেই বহন করবে না। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন আচরণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং অনতিবিলম্বে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জোর দাবি জানায় উপজেলা বিএনপি।