মৌলভীবাজার প্রতিনিধি | ১৩ নভেম্বর, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি আশীষ কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালিঘাট চা বাগানের বাংলা টিলায় অচিত্য তাঁতীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশীষ কর্মকার কালিঘাট চা বাগানের বাংলা টিলার বাসিন্দা প্রয়াত নিরাকার কর্মকারের ছেলে এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার এবং চা শ্রমিকদের ভাতার টাকা আত্মসাৎসহ নানা অনিয়মে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে জ্বালাও-পোড়াও কর্মসূচিতে অংশ নেন আশীষ।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।