নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০২৬
সিলেট নগরের রায়নগরের মিতালী আবাসিক এলাকায় সংঘটিত তিন খুনের ঘটনায় আসামি বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ও তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত এম এ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তিনি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ আগস্ট নিজ বাসায় তার বাবা এম এ সাত্তার, মা সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম খুন হন। এ ঘটনায় বাবুল মিয়ার দেওয়া জবানবন্দিতে মাত্র ২৩ মিনিটের মধ্যে একা তিনজনকে হত্যা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা, টাকা নেওয়া এবং ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার বিবরণ বাস্তবসম্মত নয় বলে তাদের সন্দেহ।
আরিফ ইফতেখার বলেন, ঘটনার সময় একাধিক ব্যক্তি ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে কীভাবে আসামি পালিয়ে গেলেন, তা তদন্তে পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি ছুরি উদ্ধারের সময় ও স্থান, সিসিটিভি ফুটেজ এবং জব্দতালিকায় কথিত ১৫ হাজার টাকার অনুপস্থিতিসহ বিভিন্ন বিষয় তদন্তে যথাযথভাবে যাচাই না হওয়ার অভিযোগ করেন।
তদন্ত কর্মকর্তা শিপলু চৌধুরীর ভূমিকা নিয়েও আপত্তি জানান তিনি। এছাড়া পুলিশ হেফাজতে আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে রিকাবীবাজার পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির ৮০ শতক জমি ও ইম্পালস টাওয়ারের মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি তুলে ধরা হয়। তিনি জানান, ২০১৫ সালে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের সঙ্গে জমি ও ভবন বিক্রির চুক্তি হলেও একই সম্পত্তি আগেই অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ২০১৬ সালে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে অতীতে তার বাবাকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছিল বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে মামলার বাদী সেলিনা সুলতানাকে হুমকি এবং তার বাসায় অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের চেষ্টার অভিযোগও তুলে ধরা হয়। আরিফ ইফতেখার পিবিআইয়ের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্তের দাবি জানান।