Sylhet Today 24 PRINT

সিলেট নগরে আর কাঁচা সড়ক থাকবে না: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২৬

সিলেট নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, নগরের কোনো সড়ক কাঁচা বা অপ্রশস্ত থাকবে না। নগরবাসী যেদিকেই যাবেন, সেদিকেই প্রশস্ত ও উন্নত সড়ক পাবেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিসিকের ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকায় সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে তিনি একটি বড় প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছেন। প্রকল্পটির কাজ শুরু হলে নগরের সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন আসবে। কোনো সড়ক আর কাঁচা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিসিক প্রশাসক আরও বলেন, নগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে সব সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ করা হবে।

সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কামরান আহমেদ, সোয়েব আহমেদ, সেলিম আহমেদ, রানা মিয়া, জাকারিয়া আহমেদ, ইসলাম উদ্দিন, শ্রীরামপুর ঈদগাহের সভাপতি লিলু মিয়া, ছদরুল ইসলাম, এলাকার মুরব্বি মাহতাব আহমদ, নেহাল মিয়া, তারা মিয়া, রুহেল আহমেদ ও নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.