Sylhet Today 24 PRINT

যেসব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি

নিজস্ব প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০২৬

সিলেট নগরীতে অভিযানে আটক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এসব যান ফেরত পেতে মালিক ও চালকদের কিছু শর্ত মানতে হবে বলে জানিয়েছে এসএমপি।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এমএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সক্ষিরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভা আয়োজন করে। সভায় চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে নগরীতে ব্যাটারিচালিত যানবাহন না চালানোর শর্তে গত ১ মে থেকে এ পর্যন্ত আটক যানবাহন অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আটক ব্যাটারিচালিত যানবাহন ফেরত পেতে আবেদনকারীদের পাঁচটি শর্ত পূরণ করতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এসএমপি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অটোরিকশা ফেরত পাওয়ার জন্য আবেদনকারীকে রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ফোন নম্বরসহ নগরীতে আর যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

এ ছাড়া আটক যানবাহনের রেকার স্লিপের মূল কপি এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে অবমুক্ত করা ব্যাটারিচালিত যানবাহন সিলেট নগরীতে বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামাও করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পর সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক, মিশুক-টমটম চলাচল সম্পুর্ণ নিষেধ। এ আদেশ না মানলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আটক যানবাহন ফেরত পেতে মালিক ও চালকদের নির্ধারিত কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগের কার্যালয়ে যোগাযোগ করার জন্য গণবিজ্ঞপ্তিতে বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.