নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর, ২০২৬
সিলেট নগরের বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় ব্যাগ ফেলে গিয়েছিলেন এক ব্যক্তি। ব্যাগে ছিল মুঠোফোন, স্বাক্ষর করা চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র। পরে বিষয়টি জানতে পেরে ব্যাগটি উদ্ধারে নামে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত ব্যাগটি ফেলে যান ওই ব্যক্তি। পরে ব্যাগে থাকা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর তিনি কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে ব্যাগ উদ্ধারে কাজ শুরু করেন কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশাটি শনাক্ত করেন। পরে জালালাবাদ থানা এলাকার অটোরিকশাচালক জুনেদ আহমদের (২২) সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে হারানো ব্যাগসহ একটি স্যামসাং মুঠোফোন, স্বাক্ষরিত চেকবই, ডেবিট কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সব মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।