Sylhet Today 24 PRINT

সিলেটে টিলা কাটা: অভিযানে গিয়ে কাউকে পায়নি পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক |  ১৬ নভেম্বর, ২০২৬

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকগ্রাম, পীরের চক, শাহপরাণ, শ্মশান টিলা, ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া, মজুদদার টিলা, আখালিয়া এবং হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা), বড়গুল ও আখালিয়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশ সংরক্ষণে সিলেট বিভাগের জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.