Sylhet Today 24 PRINT

মেয়াদোত্তীর্ণ খাবার: সিলেটে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২৬

সিলেট নগরের পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটিতে বেশ কয়েকটি অনিয়ম ও খাদ্য নিরাপত্তার ঘাটতি শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে-মেয়াদোত্তীর্ণ বনরুটি ও পাউরুটি বিক্রির জন্য সংরক্ষণ, লাইভ বেকারি পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, রান্নাঘরে ঢাকনাবিহীন ও অপরিষ্কার ডাস্টবিন ব্যবহার এবং ফ্রিজে রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও নকল চকলেট সিরাপ সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন স্যান্ডউইচ বিক্রির বিষয়টিও অভিযানে ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.