গোয়াইনঘাট প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সমাবেশের ঘটনায় নতুন করে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতিও রয়েছেন। তবে এখণও রনজিতের অবস্থান শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই ঘটনায় ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।
নতুন করে গ্রেপ্তারকৃতরা হলেন—দিলীপ শর্মা (৩২), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মুজিবুর রহমান সিকদার (৫০), ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য; মো. গিয়াস উদ্দিন (৫৫), ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ (৪৩), বৌলগ্রাম এলাকার বাসিন্দা ও সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (১৬ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গোপন এই সভার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সভায় বক্তব্য দেওয়া রনজিত সরকারের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি দেশে না ভারতে তাও নিশ্চিত নয় পুলিশ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টের পেছনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের গোপন সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ ওঠে। ওই সভায় বক্তৃতা করেন রনজিত সরকার। আত্মগোপনে থাকা এই নেতার প্রকাশ্যে এমন সমাবেশ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।
পুলিশের ভাষ্য, ৮ নভেম্বর রাত আটটায় ওই রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গোপন সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। সভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় পরে মামলা করা হয়।
রনজিত সরকারের সমাবেশ করার ঘটনায় গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। এত দিন পর তিনি কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
রনজিত চন্দ্র সরকারের অবস্থান এখন কোথায়, সে বিষয়ে সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি। তবে মামলায় তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।
রনজিত সরকার কোন সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছেন তা নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমনকি রনজিত দেশেই থাকতে পারেন বলেও সন্দেহ সীমান্ত রক্ষী বাহিনীটির।
এ ব্যাপেরে বৃহস্পতিবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, রনজিত সরকার কীভাবে বাংলাদেশে আসছেন তা তদন্ত শেষ না হওয়ার আগে পর্যন্ত বলা যাচ্ছে না।