Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে।

‎আটক হওয়া বিএসএফ সদস্যকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ‎৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ।

‎বিজিবি জানায়, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল।

লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে একজন বিএসএফ সদস্যের অস্ত্রসহ অনুপ্রবেশ ও আটকের ঘটনায় সীমান্ত এলাকায় বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.