Sylhet Today 24 PRINT

দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটচক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন।

বিজিবি ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর সাতটার দিকে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ও পর্যটকরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।’

তিনি আরও জানান, ‘পরবর্তী সময়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.