Sylhet Today 24 PRINT

সিলেটে ভোররাতে হোটেল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রিয় নেতাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২৬

সিলেট নগরের একটি হোটেল থেকে ভোররাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগৈর এক নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটক মো. দেলোয়ার হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। এছাড়া ছাত্রলীগের নেতার তখ্য গোপন করার অভিযোগে হোটেলের দুজন কর্মীকে আটক করে পুলিশ।

জানা যায়, হোটেল পলাশের একটি কক্ষে ছাত্রলীগ নেতা অবস্থান করছেন খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ওই হোটেলে অবস্থান নেন। তারা হোটেলের সামনে স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে যায়।

পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মিলে একটি কক্ষ থেকে দেলওয়ারকে ধরে নিয়ে আসেন। এসময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
এ বিষয়ে মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ওই হোটেলে এলাকাবাসীসহ অভিযান চালানো হয়। এসময় ছঅত্রলীগ নেতা সেখানে নেই বলে জানান হোটেল ম্যানেজার। পরবর্তীতে পুলিশ তল্লাশি করে তাকে খুঁজে বের করে আটক করে। পরে তাকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, ভুল তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে অসহযোগিতা করায় হোটেল ম্যানেজারকে এবং তল্লাশি কাজে অসহযোগিতার কারণে আরেকজনকে নিয়ে যায় পুলিশ। তাদের বিষয়ে যাছাই বাছাই করে সিদ্ধান্ত নেওেয়া হবে। আর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা সহ সকল বিষয় দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.