সুনামগঞ্জ প্রতিনিধি | ১৮ নভেম্বর, ২০২৬
সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন
রণজিত-কাণ্ডের পর একই আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ফেসবুকে সরব হয়েছেন। নিজের আইডি থেকে লাইভে এসে তিনি বিএনপির স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে বিষেধগার করেন। এ সময় তিনি পুলিশকেও দোষারোপ করেন। নিজের ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের বাড়ি ‘হাওর বাংলা’য় থাকা ব্যবসায়িক সোলার প্যানেলে আগুন দেওয়া হয়েছে বলেও দাবি করেন রতন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি।
কানাডায় থাকা রতন নিজের ফেসবুক আইডি থেকে গত সোমবার বিকেলে লাইভে আসেন। এই লাইভের পর মোয়াজ্জেম হোসেন রতনসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন– রতনের বাড়ি হাওর বাংলায় থাকা স্টাফ বাবুল আক্তার, নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মপাশা উপজেলার সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সাগর, শ্রীপুর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি তৃষাণ তালুকদার পলাশ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলার সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ, রতনের ছোট ভাই ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রুকন, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমুখ। পুলিশ কেবল বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে।
নওধারের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোমবার ভোররাতে রতনের নওধারের বাড়ির একাংশে আগুন দেখা যায়। ওখানে সোলার প্যানেল বক্সসহ কিছু সরঞ্জাম ছিল। পরে আশপাশের লোকজন আগুন নেভান। এই ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি। এর আগের রাতে বাড়ির স্টাফ বাবুলকে আটক করে পুলিশ।
এ ঘটনার জন্য স্থানীয় এমপি, পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের দোষারোপ করেন রতন। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল হয়। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।
ধর্মপাশা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সাবেক এমপি রতনের নওধারের বাড়িতে নাশকতার পরিকল্পনা হচ্ছে জেনে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে। আগুনের বিষয়টি নিয়েও তদন্ত চলছে। নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় মামলা করেন এসআই রফিকুল ইসলাম।