Sylhet Today 24 PRINT

চা শ্রমিকদের নির্বাচনেও বিএনপি-আওয়ামী লীগ বিভাজন, উপেক্ষিত শ্রমিকদের দাবি-দাওয়া

বিশেষ প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০২৬

চা শ্রমিকদের কাছে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

দীর্ঘ আট বছর অপেক্ষার পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। তবে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া, মজুরি, রেশন, ভূমির অধিকার কিংবা জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতির চেয়ে প্রচারণায় বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। কে কাকে আওয়ামী লীগ বা বিএনপির অনুসারী হিসেবে চিহ্নিত করতে পারেন, সেই প্রতিযোগিতাও চলছে প্রার্থীদের মধ্যে।

কালিঘাট চা বাগানের চা শ্রমিক অরুণ তাঁতি বলেন, আমাদের চা বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা এসেছেন। সবাই এসে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাঁদের প্রচারণায় একে অপরকে গালাগাল ও রাজনৈতিকভাবে আক্রমণ করতেই বেশি দেখা যাচ্ছে। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ কোনো কথা বলছেন না। বিষয়টি দেখে আমি অবাক হয়েছি। এর কারণ কী? আমরা কি শ্রমিক নই? আমাদের অধিকার নিয়ে কথা বলার কেউ কি নেই?

কালিটি চা বাগানের চা শ্রমিক নেতা দিলিপ কুমার দাস বলেন, নির্বাচন এলে নেতারা ভোট চাইতে আসেন, কিন্তু আমাদের অধিকার নিয়ে কথা বলেন না। কে কোন দলের, কে কার লোক, তা নিয়েই তাঁদের ব্যস্ততা। আমরা রাজনৈতিক পরিচয় নয়, আমাদের অধিকার ও ন্যায্য মজুরির নিশ্চয়তা চাই।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী পঙ্কজ বলেন বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন, আবার কেউ বিএনপির ট্যাগ লাগাচ্ছেন। কিন্তু আমরা কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, শ্রমিকদের পক্ষে কথা বলতে চাই। আমরা চাই, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হোক এবং একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যারা নির্বাচনকে ঘিরে এ ধরনের রাজনৈতিক ট্যাগিং ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তা মোটেও কাম্য নয়। আমরা চাই, সব পক্ষের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।

তিনি বলেন, আমি আগে সহ-সভাপতি ছিলাম কোন ধরনের উদ্দোগ নিতে পারতাম না তাই নিজেই সভাপতি পদে ইলেকশন করছি যেন চা শ্রমিকদের উন্নয়নে সরাসরি সিধান্ত নিতে পারি।

আরেক সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজু গোয়ালা বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁর ৮ বছর সময়ে উল্লেখ করার মতো কী কাজ হয়েছে, তা শ্রমিকদের সামনে তুলে ধরা প্রয়োজন। অন্যদিকে, আমি সিলেট ভ্যালির সভাপতি থাকাকালে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এলাকার চা শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।
তিনি (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) কখনো শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেননি। বরং কয়েকজন নেতার অনুসারী হিসেবেই থেকেছেন। মালিক পক্ষের সঙ্ঘ দিয়েছেন। আগে সভাপতি থাকার পরও যদি শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা না দেখাতে পারেন, তাহলে এখন কীভাবে সেই সক্ষমতা দেখাবেন?

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের ওপর তাঁরা দলবদ্ধভাবে হামলা ও মারধর করেছেন। শ্রমিকেরা মজুরি নিয়ে আন্দোলন করতেই পারেন। তাই বলে তাঁদের ওপর হামলা করার কোনো যৌক্তিকতা নেই। ২০২২ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে আমি সর্বোচ্চ ভূমিকা রেখেছি। অথচ সেই সময়ে তাঁরা আড়ালে ছিলেন।

এখন কেউ কেউ বিএনপির সমর্থক পরিচয় দিচ্ছেন। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোট চেয়েছেন। রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরকে কটাক্ষ করার কোনো মানে নেই। শেষ পর্যন্ত যোগ্যতা ও কাজের মূল্যায়নই হওয়া উচিত। এসব বিষয় শ্রমিকেরা দেখছেন, জানেন। আমি সভাপতি নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে পারব বলে বিশ্বাস করি, তিনি যোগ করেন।

চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, আমরা দেখছি, আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ভ্যালি কমিটিতে নির্বাচিত হওয়ার জন্য যারা প্রার্থী হয়েছেন, তাঁদের অনেকেই অতীতে চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অথচ তাঁদের দায়িত্ব পালনকালে গত আট বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আমরা আরও দেখেছি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তাঁদের অনেকেই সেই সরকারের বিভিন্ন পদ-পদবিতে ছিলেন। আবার সরকার পরিবর্তনের পর বিএনপি ক্ষমতায় আসার পরও তাঁদের অনেককে নতুন সরকারের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চা শ্রমিকদের স্বার্থ রক্ষা, মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো মৌলিক দাবিগুলো আদায়ে তাঁদের কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায়নি। বরং শ্রমিকদের স্বার্থের চেয়ে সরকার ও মালিকপক্ষের সহানুভূতি পাওয়ার প্রতিই তাঁদের বেশি আগ্রহ দেখা গেছে।

আমরা মনে করি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এটি চা শ্রমিকদের নিজস্ব সংগঠন। সরকার ও দলীয় প্রভাবমুক্ত থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করাই এই সংগঠনের মূল দায়িত্ব। কিন্তু অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে চা শ্রমিক ইউনিয়ন ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য করা কঠিন হয়ে পড়েছিল। এর ফলে ইউনিয়নের নিজস্ব স্বকীয়তা, সাংগঠনিক শক্তি ও স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা বারবার বাধাগ্রস্ত হয়েছে।
তাই এবারের নির্বাচনে সাধারণ চা শ্রমিকদের প্রতি আমাদের আহ্বান, যাঁরা চা শ্রমিক ইউনিয়নকে নিষ্ক্রিয় করে দিতে চান কিংবা সরকারদলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চান, তাঁদের ব্যাপারে শ্রমিকদের সচেতন থাকতে হবে। এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যাঁরা যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থে সরকার ও মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষি করতে পারবেন এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো আদায়ে দৃঢ় ভূমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজারের সাধারন সম্পাদক রজন বিশ্বাস বলেন, চা শ্রমিক প্রার্থীদের প্রায় সবাই আগের কমিটিতে ছিলেন, তাঁরা শ্রমিকদের স্বার্থের চেয়ে মালিকপক্ষের স্বার্থকেই বেশি গুরুত্ব দেন। এ কারণে শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে তাঁদের জোরালো বক্তব্য বা কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায় নি। বরং রাজনৈতিক ইস্যুতে তাঁরা বেশি সক্রিয় থাকেন।

তিনি বলেন, যে সরকার যখন ক্ষমতায় থাকে, তখন অনেক নেতা নিজেদের সেই ক্ষমতাসীন দলের অনুসারী হিসেবে পরিচয় দেন। এমনকি নেতাদের নিবাচনি প্রচারনায় থাকেন কিন্তু শ্রমিকদের অধিকার আদায়ে তাঁদের ভূমিকা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন থাকে সবসময়।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.