Sylhet Today 24 PRINT

নাশকতার আশঙ্কায় সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২৬

ছবি সংগৃহীত

নাশকতার আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হয়েছে আনসার ও এপিবিএনের সদস্য।

বুধবার বিকেল ৪টা থেকে এই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, ঢাকা থেকে বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা সতর্কতা পেয়েছি। এরপর বিকেল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, বাউন্ডারি ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।

এরআগে বেবিচকের নির্দেশনায় দেশের সব বিমানবন্দরের সাথে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। যখন রাতে ফ্লাইট পরিচালিত হয় না, তখন টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশ কালে যানবাহন তল্লাশি ও নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.