Sylhet Today 24 PRINT

সিলেটে ক্যাপ ফাউন্ডেশনের ‘এতিম স্কুল’ দেখে মুগ্ধ বিদেশি অতিথিরা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২৬

সিলেটে সেচ্ছাসেবী সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত এতিম শিশুদের স্কুল ‘দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ’ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন যুক্তরাজ্য থেকে আসা অতিথিরা।

বৃহস্পতিবার সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত এই স্কুল পরিদর্শন করেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। সকালে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের পিটার ড্যানিস পোগোস, লায়লা নিকোলাস পোগোস, স্যামুয়েল বেনজামিন পোগোস, ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন, পেটরন পলি ইসলাম, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সিইও মো. আজিজুর রহমান প্রমুখ।

পরিদর্শনকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোস স্কুলের প্রতিষ্ঠাতা নিকোলাস পোগোসের বংশধর পিটার ড্যানিস পোগোস ক্যাপ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আপনারা অসাধারণ ভালো করেছেন। এমন একটি স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখা বিশাল এক সাফল্য। নিজেদের নিয়ে আপনাদের অত্যন্ত গর্বিত হওয়া উচিত; আপনারা সত্যিই খুব ভালো করেছেন।

তিনি বলেন, আমরা আপনাদের সাথে ও আপনাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে এবং অংশীদার হতে পেরে ভালো লাগছে।

লায়লা নিকোলাস পোগোস বলেন, আমি অনেক এতিমখানায় গিয়েছি এবং সেগুলো বদ্ধ ইউনিট, প্রায় পুরো পৃথিবী থেকেই বিচ্ছিন্ন। কিন্তু এখানের পরিবেশ খুবই চমৎকার। শিশুদের বিকাশের জন্য একেবারে আদর্শ পরিবেশ। আমি আগে এই মানের কিছু দেখিনি। আপনারা যে খুঁটিনাটি বিষয়গুলোতে মনোযোগ দিয়েছেন তা অবিশ্বাস্য, এবং আমরা অবশ্যই আপনাদের এই দক্ষতাকে কাজে লাগাব বা গ্রহণ করব।

এ সময় অতিথিরা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ক্যাপ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

এ সময় ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন বলেন, ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নিকোলাস পোগোস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। তাঁদের উপস্থিতি এবং সহযোগিতা আমাদের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। তাঁরা দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ-এর বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় শুভকামনা জানান। পরিদর্শনকালে ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারা অতিথিদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

উদ্যোক্তারা জানান, ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ অনাথ শিশুদের দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই ইংরেজি মাধ্যম স্কুল পরিচালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.