Sylhet Today 24 PRINT

মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০২৬

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা পূর্ণিমার আলোয় মহারাস উৎসবে মেতে উঠবেন মণিপুরি সম্প্রদায়ের মানুষ। তাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এখন বইছে আনন্দের হাওয়া। পাড়ায় পাড়ায় চলছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য ও মহারাস নৃত্যের মহড়া। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।

আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মণিপুরিদের অন্যতম প্রধান উৎসব মহারাস পূর্ণিমা। এ উপলক্ষে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। এবারও পৃথক দুটি স্থানে আয়োজন করা হচ্ছে মহারাস উৎসব। মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মেইতেই মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসব দেখতে দেশ-বিদেশের কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে প্রতিবছর।

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, এবার তাঁদের ১৮৪তম মহারাস লীলার আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। মাধবপুরে তিনটি মণ্ডপে পৃথকভাবে রাসলীলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মণিপুরি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র রাস উৎসবের প্রচলন করেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের সকালে শুরু হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। গোধূলি পর্যন্ত চলে এ আয়োজন। রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় মূল মহারাসলীলা। ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও গানের মাধ্যমে শ্রীকৃষ্ণ, রাধা ও গোপীদের লীলাকে তুলে ধরা হয়। অনেক সময় এ আয়োজন ভোর পর্যন্ত চলে।

মাধবপুরের মাঝেরগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে চলছে রাসনৃত্যের মহড়া। প্রায় ২০ জন তরুণী মণিপুরি গানের সঙ্গে নৃত্যের বিভিন্ন কৌশল ও নিয়ম শিখছেন প্রশিক্ষকদের কাছ থেকে। অন্যদিকে জোড়া মণ্ডপে চলছে রাখাল নৃত্যের প্রস্তুতি। সেখানে ১৫ থেকে ২০ জন শিশু-কিশোর মৃদঙ্গের তালে নৃত্যের অনুশীলন করছে।

মহড়ায় অংশ নেওয়া শান্তা সিনহা বলেন, ছোটবেলা থেকেই মণিপুরি নৃত্যের সঙ্গে তাঁদের পরিচয়। মহারাস তাঁদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এ উৎসবের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যের চর্চাও অব্যাহত থাকে।

রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, প্রতিবছর উৎসবের প্রায় এক মাস আগে থেকেই শিশু-কিশোরদের নিয়ে প্রস্তুতি শুরু হয়। নতুন ও পুরোনো শিল্পীদের নিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মহড়া চলছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এদিকে উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে রাস উৎসব আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.