Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন নারী-পুরুষ। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধমক দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.