Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক |  ২০ নভেম্বর, ২০২৬

সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সােনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা আছে অপেক্ষায়। তার জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এই দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের আমরা অবশ্যই ধরব এবং আইনের আওতায় আনব।

তিনি বলেন, আওয়ামীলীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল, পরিবার সব ধ্বংস করেছে- এখানে এখন যারা আছে তাদেরও ধ্বংস করা শুরু করেছে৷

ভোরে তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে- জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয়, এদেশের মানুষ জানে সরকারও জানে।

তিনি বলেন, সরকার সহনশীলতা চর্চা করে৷ কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই- সরকার কঠোর অবস্থান নিবে।

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠি আছে যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।

হুমায়ুন কবির বলেন, স্পষ্ট অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।

এসব কর্মকান্ডের সরকার কোন চাপে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, না কোন চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে? পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রতিমন্ত্রী৷ জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান; তারা নিজেই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না হয় ধরা খাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.