Sylhet Today 24 PRINT

খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম\' সোমবার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০২৬

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জি মাঠে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) উদযাপিত হবে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় অনুষ্ঠান ‘খাসি সেং কুটস্নেম'। দিনব্যাপী এ উৎসবটি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী এবার ১২৭তম বর্ষকে বিদায় জানাতে যাচ্ছে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ব্রিটিশ শাসনামল থেকে প্রতিবছর ২৩ নভেম্বরে এই বর্ষবিদায় উৎসব পালন করা হয়ে থাকে। দিনটি খাসিয়া সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর। এই বর্ণিল আয়োজন উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু অতিথি ও পর্যটক সমবেত হন।

​খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে জেলার খাসিয়া পুঞ্জিগুলোতে বইছে আনন্দের জোয়ার।

উৎসবকে ঘিরে মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে বাঁশের খুঁটি ও প্রাকৃতিক পরিবেশে সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল আলোচনা সভার মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পসরা সাজিয়ে মেলা ও বিভিন্ন পণ্যের স্টল। সোমবার সকালে খাসিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা তাদের বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক পরে এই মিলনমেলায় অংশ নেবে।

বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজনে রাখা হয়েছে নানা আকর্ষণীয় পর্ব। এর মধ্যে রয়েছে, খাসিয়া পোশাক পরে নারী শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য ও গান। তৈলাক্ত বাঁশে উপরে উঠে মুঠোফোন পুরস্কার অর্জনের প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী তীর-ধনুক খেলা ও গুলতি চালানো প্রতিযোগিতা। পান গুছানো প্রতিযোগিতা, নিজস্ব ভাষায় গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান।
​
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম' শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন এই অনুষ্ঠান পালন করে আসলেও বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হয়ে আসছে। ব্রিটিশ আগ্রাসনের মুখে যখন আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছিল, তখন কিছু সচেতন খাসি তরুণ মিলে ‘সেং খাসি' নামে একটি সংগঠন গড়ে তোলেন। সেই ঐতিহাসিক দিনটি ছিল ২৩ নভেম্বর। সেই থেকেই দিনটি পরম আদরে পালন করে আসছেন খাসিয়ারা।

​খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, “চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করে আসছে। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি এ অনুষ্ঠানের মাধ্যমে করা হয় । খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটকরা অংশগ্রহণ করেন। খাসি বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় ও ১২৮তম বর্ষকে বরণ করে নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.