শাল্লা প্রতিনিধি | ২১ নভেম্বর, ২০২৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামে সংঘর্ষের পর ৩৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া ২ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিক মিয়া ও মনোয়ার হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। আটক মনোয়ার হোসেন সংঘর্ষে নিহত আব্দুল মন্নানের ছেলে এবং মানিক মিয়া তাঁর আপন ভাই।
জানা যায়, গত ৩১ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজগাঁও গ্রামের আজব আলী ও রুপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান (৬৫) নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন। সংঘর্ষের পরের রাত থেকেই আজব আলীর পক্ষের ৩৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে রুপ মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আজব আলীর পক্ষের সেজু মিয়া বাদী হয়ে শাল্লা থানায় লুটপাটের মামলা দায়ের করেন।
শনিবার খালিয়াজুড়ি উপজেলার মরা নদীর পাড় থেকে লুট হওয়া বেশকিছু মালামাল ২জন লোক সহ উদ্ধার করে খালিয়াজুড়ি থানা পুলিশ। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ধান মাড়াইয়ের (বোমা) মেশিন, দুটি ইঞ্জিন, সাতটি ট্রলির চাকা, দুটি টিউবওয়েল পাম্প ও একটি ট্রলির বডি। উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা। এ সময় লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিজগাঁও গ্রামের মানিক মিয়া ও মনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ তাঁদের শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুড়ি থানা পুলিশ কিছু মালামালসহ দুজনকে আটক করেছে। তাঁরা বর্তমানে শাল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তিনি আরও বলেন, রুপ মিয়া সবসময় লুটপাটের বিরোধিতা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, সংঘর্ষের পর এলাকায় যেভাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। নিরীহ মানুষের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা প্রয়োজন। উদ্ধার হওয়া মালামালের পাশাপাশি অন্য কোথাও লুট হওয়া মালামাল রাখা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া শাল্লা থানার এসআই শাহজাহান জানান, উদ্ধার হওয়া মালামাল পেয়ে মামলার বাদীপক্ষের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। লুট হওয়া আরও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খালিয়াজুড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।