Sylhet Today 24 PRINT

যেসব অভিযোগে জরিমানা গুনল ফেরদৌসী\'স কেক

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২৬

সিলেট নগরের ধোপাদিঘির পাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী'স কেক-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কেকে অনুমোদনবিহীন রংয়ের ব্যাবহার করায় এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, গোপন তথ্যের পরিপ্রেক্ষিতে ফেরদৌসী’স কেকের কারখানাটি মনিটরিং ও তদারকির উদ্যোগ নেওয়া হয়। ওই তথ্যের সূত্র ধরেই আজ ‘ফেরদৌসি'স কেক’-এর প্রোডাকশন স্থলে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে প্রতিষ্ঠানটিতে ভালো ও খারাপ উভয় দিকই চোখে পড়েছে।সার্বিকভাবে কেক তৈরির প্রোডাকশন প্রক্রিয়া খুব খারাপ না হলেও বেশ কিছু অসংগতি ও অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে লেবেলিংবিহীন পণ্য এবং বিদেশি পণ্য হিসেবে ব্যবহৃত কিছু উপকরণ, যেগুলোর সঠিক আমদানিকারক বা সংগ্রহ সংক্রান্ত কোনো তথ্য প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

তিনি আরও জানান, কেক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিদেশি রং যেগুলোর কোনো লেবেলিং পাওয়া যায়নি। এসব অনিয়ম ও অসংগতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.