Sylhet Today 24 PRINT

মকসুদ ও টিপুকে সতর্ক করল যুবদল, ৩ দিনের মধ্যে কমিটি না দিলে সাংগঠনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২৬

সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২১ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। সে সময় পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অদ্যাবধি জেলা কমিটি পূর্ণাঙ্গ না করাকে ‘সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড’ বলে মনে করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এই প্রেক্ষাপটে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.