Sylhet Today 24 PRINT

ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২৬

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেংগে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকিতে ফেলে দিতে চাইবে।

রোববার বিকেলে ৪ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় করেন তিনি এমনটি বলেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেটে প্রতিবাদ সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ওই দিন বিকেল ৩ টায় সিলেট রেজিস্ট্রি মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওই প্রতিবাদ সামবেশ সফলের লক্ষ্যে রোববারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আরিফুল হক চৌধুরী আরও বলেন, কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুডিয়ে দেয়ার ঘটনা দেশের ইতিহাসে জঘন্যতম এক অধ্যায়। পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা দেশে আগমনের কথিত কাল্পনিক মিথ্যাচারে নাটক সাজিয়ে তান্ডবলীলা ফ্যাসিস্টদের নির্মমতার আরেক নিকৃষ্ট উদাহরণ। এই জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধে প্রমাণ করেছে, দেশ ও জাতির প্রতি কোন দায়িত্ববোধ নেই তাদের। এই অপশক্তির বিরুদ্ধে দলমতের উর্ধ্বে উঠে প্রতিহত করা এখন সময়ের দাবী।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি সভাপতিত্বে ও মহানগর বিএনপির সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরও বলেন, পরিকল্পিত এ নৈরাজ্য কোন অবস্থায় বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি সামনে থেকে নেতৃত্ব দিয়ে, দেশবিরোধী অপশক্তি দমনে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজনীতির অভিশপ্ত শক্তি নিষিদ্ধের যন্ত্রণা সইতে না পেরে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের অতীত কর্মকাণ্ডের অনুশোচনার পরিবর্তে লিপ্ত হয়েছে সন্ত্রাসবাদে। তাদের নেত্রী বিদেশে পালিয়ে অনুসারী দাসদের ঠেলে দিয়েছে অগ্নিসন্ত্রাসে। এখন বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারা। নিজ জন্ম মাটি টুঙ্গিপাড়াকে ধ্বংস করে দিয়ে দেখিয়ে তারা কতখানি নির্মম, আত্মঘাতি ও বিবেক প্রতিবন্ধী।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দেশের সম্পদ নিঃশেষ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয় সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসা চেয়রম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আসিক উদ্দিন আশিক, জেলা বিএনপির সহ- সভাপতি আশিক চৌধুরী, জেলা বিএনপির সহ সহ সভাপতি মাহবুবুর রব ফয়ছল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.