Sylhet Today 24 PRINT

দেওয়ানি আদালতের রায়ে দখল পাওয়া জমিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারা জারি

মৌলভীবাজারের বড়লেখায়

মৌলভীবাজার প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০২৬

প্রতীকী ছবি

দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেওয়ানি আদালতের রায়ে বিরোধপূর্ণ জমির স্বত্ব প্রতিষ্ঠিত হয় এস এম ফারজানা আক্তারের। পরে আদালতের মাধ্যমে জমির দখলও বুঝে পান তিনি। এরপর সেখানে কাজ শুরু করেন। তবে এরই মধ্যে একই জমি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন বিবাদীপক্ষের মো. আবু বক্কর সিদ্দিক। ওই মামলার পরিপ্রেক্ষিতে জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নোটিশ জারি করা হয়েছে। এতে জমিতে কাজ বন্ধ রাখতে হয়েছে ফারজানা আক্তারকে।

ঘটনাটি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বারইগ্রাম আদিত্যের মহাল এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটবন্দ মৌজার আরএস খতিয়ান নম্বর ৮৩ এবং আরএস দাগ নম্বর ৯৯ ও ১০০-এর ১৬ শতক জমি নিয়ে এস এম ফারজানা আক্তার ও আবু বক্কর সিদ্দিক গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে ফারজানা আক্তার বড়লেখা সহকারী জজ আদালতে স্বত্ব মামলা করেন। মামলাটির নম্বর ২৬/২০২৩। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁর পক্ষে রায় দেন।

আদালতের রায়ের পর চলতি মাসের ১২ নভেম্বর সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের উপস্থিতিতে তাঁকে বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দেন। এরপর জমিতে কাজ শুরু করেন ফারজানা আক্তার।

তবে এর মধ্যেই নতুন করে আইনি জটিলতা তৈরি হয়। বিবাদীপক্ষের মো. আবু বক্কর সিদ্দিক গত ১৬ নভেম্বর বড়লেখা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা করেন। মামলাটির নম্বর ৫৬/২০২৬। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নোটিশ জারি করেন আদালত।

পরে আদালতের নোটিশ জারির দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল কালাম। এ পরিস্থিতিতে দেওয়ানি আদালতের রায়ে জমির দখল বুঝে পাওয়ার পরও সেখানে কাজ বন্ধ রাখতে হয়েছে ফারজানা আক্তারকে।

এ বিষয়ে এস এম ফারজানা আক্তার বলেন, দেওয়ানি আদালতের রায়ে জমির স্বত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের মাধ্যমেই তাঁরা জমির দখল বুঝে পেয়েছেন। এরপর সেখানে কাজ শুরু করেন। কিন্তু নতুন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ও ১৪৪ ধারার নোটিশ জারির কারণে তাঁদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব বলেন, পিটিশন মামলার পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারায় নোটিশ জারি করা হয়েছে। ধার্য তারিখে বিবাদীপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.