Sylhet Today 24 PRINT

বিএনপি নেতাকর্মীরা ‘যেন বঞ্চিত না হন’, হবিগঞ্জের ডিসি-ইউএনওকে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২৬

বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কড়া বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

স্থানীয় প্রশাসনের উদ্দেশে দেওয়া তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে স্থানীয় আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ‘আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন, তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।’

এ সময় স্থানীয় পর্যায়ে সার ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, সার ডিলার কাকে দেওয়া হয়েছে? তখন পাশ থেকে একজন আওয়ামী লীগের নেতাকে ডিলার দেওয়া হয়েছে বলে উত্তর দেন।

বক্তব্যের একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।

আমিনুল ইসলামের এ বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, ‘আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন। এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।’

অ্যাডভোকেট আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.