Sylhet Today 24 PRINT

সিলেটে বিয়ে করে লন্ডনে নেওয়ার আশ্বাসে তরুণীর সাথে সম্পর্ক, পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০২৬

বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে এক তরুণীর কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের দুই ব্যক্তির বিরুদ্ধে। পরে ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। অভিযুক্তরা হলেন আব্দুল কাদির (৪০) ও আশরাফ আলী (৩৮)। তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার জগতপুর এলাকায়।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, প্রথম অভিযুক্ত আব্দুল কাদির বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একই সঙ্গে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। এ জন্য লন্ডনে যাওয়ার বিভিন্ন খরচের কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১২ লাখ টাকা নেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে আব্দুল কাদির ওই তরুণীর ভাড়া বাসায় যাতায়াত শুরু করেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তরুণীর ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি।

পরে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদির বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাগাদা দেওয়ার পর তাদের সম্পর্কে অবনতি ঘটে। এরপর থেকে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর দাবি, মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে। পাশাপাশি তার ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এসব ছবি ও ভিডিও অন্যদের মোবাইল ফোনেও পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

দ্বিতীয় অভিযুক্ত আশরাফ আলীর বিরুদ্ধেও সহযোগিতা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তরুণীর ভাষ্য, তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

ব্যক্তিগত গোপনীয়তা ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় আদালতের শরণাপন্ন হয়েছেন ওই তরুণী। অভিযোগপত্রে ঘটনার তারিখ হিসেবে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি এবং পরবর্তী ঘটনার তারিখ হিসেবে ২০২৬ সালের ১ মার্চ উল্লেখ করা হয়েছে। এতে কয়েকজন সাক্ষীর নাম-ঠিকানা ও সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অভিযোগের সুষ্ঠু বিচার চেয়ে আদালতে আবেদন করেছেন ভুক্তভোগী তরুণী।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.