Sylhet Today 24 PRINT

এতো দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কী- হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এতো দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন।

মন্ত্রী বলেন, তিনি তো এদেশেরই নাগরিক। তিনি এদেশেই ছিলন। তিনি গেলেন কেন এই প্রশ্নটা তাকে করা উচিত। গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে। আমরা চাই শেখ হাসিনা তারাতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তার যে প্রাপ্য রয়েছে, আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচার বুঝিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।

নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ প্রদানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।

কৃষি খাতে ঋণ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।

পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি সবসময় রপ্তানির তুলনায় বেশি হলেও শুধু এই ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং দেশের সামগ্রিক বাণিজ্যের পরিমাণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। অন্যদিকে রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও প্রয়োজন রয়েছে। তাই আমদানি-রপ্তানির ব্যবধানের পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

এরআগে ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের পর কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সাথে মতাবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার।

কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি সহায়ক নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কলেজের খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি মসজিদ নির্মাণ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আর দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, প্রতিষ্ঠানটিকে একদিন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

পরে মন্ত্রী হযরত শাহপরাণ (রহঃ) মাজার রোড হতে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানা দেওয়াল, রিটেইনিং ওয়াল ও ড্রেন নির্মাণ উদ্বোধন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.