Sylhet Today 24 PRINT

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের জন্য সহায়ক নয় : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০২৬

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহনসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি আজ মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় একপর্যায়ে এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। তবে যে অবকাঠামো ও জায়গায় কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য পূরণে পুরোপুরি সহায়ক নয়। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কলেজের খেলার মাঠের সমস্যা দ্রুত সমাধান করা হবে। মসজিদ নির্মাণ ও পরিবহন সমস্যারও সমাধান করা হবে।

তিনি বলেন, বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রয়েছে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আর সবার চূড়ান্ত লক্ষ্য হলো, একদিন প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.