Sylhet Today 24 PRINT

ফেসবুকে পরিচয় থেকে সুনামগঞ্জের তরুণীকে বিয়ে চীনা যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের পর রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন ওই চীনা যুবক।

সুনামগঞ্জে তরুণীর নাম কুশবু বেগম। তিনি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তার স্বামীর নাম জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর কুশবু বেগম ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ২২ নভেম্বর ঢাকায় এসে এফিডেভিটের মাধ্যমে কুশবু বেগমকে বিয়ে করেন জাংলং।

ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত রোববার ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও সোমবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়।

মঙ্গলবার স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে এসেছেন চীনা যুবক জাংলং বলে জানা গেছে।

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.