Sylhet Today 24 PRINT

পরের জিনিসে লোভ নাই

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০২৬

নিজের ঘরবাড়ি নেই, থাকেন ভাঙাচোরা ভাড়া ঘরে। তবু পরের সম্পদে লোভ করেননি সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন। কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার চার ঘণ্টা পর প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

গত রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় নিজের ভ্যানগাড়ির চাকার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি তুলে নিয়ে ভেতরে অন্যান্য সামগ্রীর সঙ্গে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার দেখতে পান তিনি।

এক পর্যায়ে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি মালিকের হাতে তুলে দেন ভ্যানচালক আমির। তাঁর সততায় মুগ্ধ হয়ে তাঁকে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদার জানান, তিনি পরিবার নিয়ে শহরের আবুল হোসেন রোডে একটি ভাড়া বাসায় থাকেন। গত রোববার বিকেলে তাঁর স্ত্রী এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি জুয়েলার্সে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন তারা। বাসার সামনে নামার পরই টের পান, স্ত্রীর হাতের ব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি পড়ে গেছে, প্রথমে বুঝতে পারছিলেন না তারা। এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান সজল। পরে সম্ভাব্য স্থানে ব্যাগটির খোঁজ করেও না পেয়ে এক পর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান। তবে তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে স্বর্ণালংকার হারানোর বিষয়ে আলোচনা করছিলেন। তাদের রিকশার চালক তরুণ আবু সাইদ কথাটি শুনে জানান, এক ভ্যানচালক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে মালিকের খোঁজ করছেন। এরপর বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান।

আমির উদ্দিন জানান, ব্যাগটি কুড়িয়ে পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছাকাছিই ছিলেন। তাঁর ভাষায়, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকানে চুরি অইছে।’

শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিন সপরিবারে একটি ভাঙাচোরা ভাড়া ঘরে থাকেন। স্বর্ণালংকার রেখে দিতে পারতেন কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’

আমির উদ্দিনের সততার প্রশংসা করে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, থানায় জানানোর পর সজল তালুকদারের সঙ্গে লোক দিয়ে ব্যাগটির খোঁজ করা হয়। পরে তারা আমির উদ্দিনসহ থানায় আসেন। আমির উদ্দিনকে ভালো লোক মনে হয়েছে। এ কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে।

কৃতজ্ঞতা জানিয়ে সজল তালুকদার বলেন, তিনজন মানুষ চার ঘণ্টা ব্যাগটা খোঁজাখুঁজি করেও পাননি। আমির উদ্দিনকে সরল মনে হয়েছে। তিনি সম্মানীর সামান্য টাকাও নিতে চাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.