সিলেটটুডে ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী।
নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। সিলেটের দক্ষিণ সুরমার নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।
মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমির স্বামী জীবনানন্দ বিশ্বাস বলেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। আমাদের ১১ মাস বয়সি মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।’
তিনি বলেন, ‘স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য আমি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছি। সম্প্রতি চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে গিয়েছিলাম। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছি। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।’
তিনি আরও জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে স্ত্রী সঙ্গে আমার কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না। এ ধরনের কোনো কারণে তিনি বাসা থেকে বেরিয়ে গেছেন বলে আমরা জানা নেই।
এ বিষয়ে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী বলেন, ‘দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’