Sylhet Today 24 PRINT

জৈন্তিয়ার ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ, হবে আধুনিক জাদুঘর

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০২৬

সিলেটের জৈন্তাপুরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর (মিউজিয়াম) নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন দুই মন্ত্রী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শনকালে তাঁরা এসব কথা বলেন। পরিদর্শনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরিদর্শনকালে মন্ত্রীরা প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরীতে অবস্থিত ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ ঘুরে দেখেন। তাঁরা স্থাপনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেশের অমূল্য সম্পদ। প্রাচীন রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব নিদর্শন সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জৈন্তিয়ার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এ অঞ্চল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

মন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। পর্যটন খাতের বিকাশেও এসব ঐতিহাসিক স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের ধারক জৈন্তিয়া রাজ্যের পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দ্রুত এসব প্রাচীন নিদর্শন সংস্কার ও সংরক্ষণের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

এদিকে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি দুই মন্ত্রী পৃথক এসএমভিটি লেনসহ সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তাঁরা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।

জৈন্তাপুরে নতুন সম্ভাবনা

ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরী একসময় এ অঞ্চলের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানকার প্রাচীন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো জৈন্তিয়ার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করছে। দীর্ঘদিন ধরে এসব নিদর্শনের যথাযথ সংরক্ষণ, সংস্কার এবং পর্যটন উপযোগী পরিবেশ তৈরির দাবি জানিয়ে আসছেন স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সচেতন মহল।

সংশ্লিষ্টদের মতে, সরকারি উদ্যোগে ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কার, সংরক্ষণ এবং আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে জৈন্তাপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় পর্যটন, অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.