Sylhet Today 24 PRINT

সিলেটের রনজিতের সভা: আ.লীগের আরও ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে আলোচিত সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগের নেতা রনজতি সরকারের সভার দায়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অভিযান চালিয়ে পৃথক এলাকা তেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউসার আহমদ (৪৫) ও মো. হারুনুর রশিদ (৫২)। কাউসার গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামের মৃত আসমত আলীর ছেলে এবং তিনি গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে হারুনুর উপজেলার কুনকিরি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং তিনি রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযান পরিচালিত হয়। এসময় পশ্চিম জাফলং ইউনিয়নের একটি এলাকা থেকে মো. কাউসার আহমদ এবং বিছনাকান্দি এলাকা থেকে মো. হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে আলোচিত সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভা কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।’

এর আগে এই ঘটনায় বিভিন্ন অভিযান পরিচালনা করে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় গত ১১ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১/৩৫০ দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.